আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর রেলওয়ে স্টেশনে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ জামালপুর রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। রোববার (১৫ নভেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৮টার দিকে প্ল্যাটফর্মের মাঝামাঝি স্থানে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তাঁর বয়স আনুমানিক ১৮ বছর।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ওই যুবক গত ৫ থেকে ৬ মাস ধরে জামালপুর রেলওয়ে স্টেশনের গেটপাড় ও আশপাশের এলাকায় অবস্থান করতেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং স্বাভাবিকভাবে হাঁটাচলাও করতে পারতেন না। স্থানীয় মানুষের কাছে সাহায্য চেয়ে এবং ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
মরদেহের সঙ্গে থাকা একটি ব্যাগে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়ার কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেও তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। বর্তমানে তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার এসআই (নিঃ) মোহাম্মদ সাইফুল আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় ১৫ নভেম্বর ২০২৬ তারিখে অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা নম্বর ৩৭/২০২৬ রুজু করা হয়েছে।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “মরদেহের পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”
মরদেহের পরিচয় শনাক্তে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে রেলওয়ে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *