মাদারগঞ্জে জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, দায় এড়াচ্ছেন সংশ্লিষ্টরা
মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুর মাদারগঞ্জ উপজেলার ৪নং বালিজুড়ী ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করতে এসে সরকারি নির্ধারিত ফ্রী চেয়ে কয়েকগুণ বেশি অর্থ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। সরকারি ফ্রি ২৫ থেকে ১০০ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকলেও, ওই ইউনিয়নের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তারা সেবাগ্রহীতাদের কাছ থেকে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৫ নভেম্বর) সরেজমিনে ইউনিয়ন পরিষদে গেলে অনিয়ম ও ভোগান্তির এমন চিত্র উঠে আসে।
স্থানীয় সূত্রে ও সরেজমিনে গিয়ে জানা গেছে, বালিজুড়ী ইউনিয়ন ডিজিটাল সেন্টারে চুক্তিভিত্তিক চারজন উদ্যোক্তা রয়েছেন। তাঁরা হলেন—লিটন, মো. আলমাছ, মেহেরুন্নেছা বিলকিস এবং নওসিন আঞ্জুম। তবে নওসিন আঞ্জুমের নাম চুক্তিতে থাকলেও বর্তমানে তিনি ইউনিয়ন পরিষদে কর্মরত নেই।
পরিষদে থাকা বাকি উদ্যোক্তারা জন্ম নিবন্ধনের আবেদন ও সনদ প্রদানের নামে সেবাগ্রহীতাদের কাছ থেকে ইচ্ছেমতো অতিরিক্ত টাকা আদায় করছেন।
সরকারি বিধিমালা অনুযায়ী, জন্মের ৪৫ দিন পর্যন্ত শিশুর নিবন্ধন সম্পূর্ণ বিনামূল্যে, ৪৫ দিন থেকে ৫ বছর পর্যন্ত ২৫ টাকা, ৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ৫০ টাকা এবং তথ্য সংশোধনের জন্য ৫০ থেকে ১০০ টাকা সরকারি ফি নির্ধারিত রয়েছে।
অনলাইন আবেদন ও প্রিন্টের সার্ভিস চার্জসহ যা কোনোভাবেই ১৫০ টাকার বেশি হওয়ার কথা নয়। কিন্তু বালিজুড়ী ইউনিয়ন পরিষদে নিয়মের তোয়াক্কা না করে ৩০০ থেকে ৪০০ টাকা আদায় করা হচ্ছে এবং বাড়তি টাকার কোনো রশিদও দেওয়া হচ্ছে না।
অতিরিক্ত অর্থ আদায়ের বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী নাছির বলেন, “আমি কেবল সরকারি নির্ধারিত ফি-ই নিচ্ছি। উদ্যোক্তারা বাইরে কী করছে বা কত নিচ্ছে, সে বিষয়ে আমি কিছু জানি না।”
এ বিষয়ে জানতে চাইলে ইউনিয়ন পরিষদের সচিব ফরিদুল ইসলাম দায় এড়িয়ে বলেন, “আমি এখন ওই সেক্টরটি দেখি না। সেখান থেকে সরে এসেছি।”
অন্যদিকে, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিস্টার ভিন্ন দাবি করে বলেন, “ডিসি অফিস থেকে বলা আছে, সরকারি নির্ধারিত টাকার চেয়ে উদ্যোক্তারা ১০০ টাকা বেশি নিতে পারবে।” তবে সরকারি ফির সাথে ১০০ টাকা যোগ করলেও ৩০০ থেকে ৪০০ টাকা কীভাবে নেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
এ ব্যাপারে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়ের কোনো সুযোগ নেই।
ভুক্তভোগীদের পক্ষ থেকে এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ডিজিটাল সেন্টারের এমন স্বেচ্ছাচারিতা বন্ধে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।
