আলোচিতউপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে  এতিম দুই ভাই-বোনের পাশে দাঁড়ালেন বীর মুক্তিযোদ্ধা কিসমত পাশা

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে মা-বাবার স্নেহ-ভালোবাসা ও আশ্রয়হীন অসহায় এতিম দুই ভাই-বোনের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। পিতার মৃত্যুর পর মায়েরও অন্যত্র চলে যাওয়ায় বর্তমানে সম্পূর্ণ অভিভাবকহীন হয়ে পড়েছে শিশু দুটি। তাদের অসহায়ত্বের কথা জানতে পেরে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি।
সহায়তা পাওয়া শিশু দুটি হলো—মোছাঃ সাথী (১৪) ও তার ছোট ভাই শফিউল্লাহ ইসলাম সাব্বির (৭)। তাদের পিতা সাইদ আলী ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। পিতার মৃত্যুর পর তাদের মা-ও অন্যত্র চলে যাওয়ায় বর্তমানে মা-বাবার স্নেহ-ছায়াহীন অবস্থায় জীবনযাপন করছে তারা। দুই শিশুর বসবাস মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চিনিতলা খানপাড়া এলাকায়। বয়সের তুলনায় অনেক বড় বাস্তবতার মুখোমুখি হয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে দিন কাটছে তাদের।
এতিম শিশু দুটির দুরবস্থার কথা জানতে পেরে তাদের পাশে দাঁড়ান নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। তিনি ব্যক্তিগত উদ্যোগে শিশু দুটির হাতে আর্থিক অনুদান তুলে দেন। পাশাপাশি তাদের লেখাপড়া, ভরণপোষণ ও ভবিষ্যৎ জীবন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
এ সময় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুন আরা এবং জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল মহোদয়ের প্রতি মানবিক আবেদন জানান। তিনি এতিম শিশু দুটির পাশে দাঁড়িয়ে তাদের নিয়মিত লেখাপড়া, নিরাপদ আশ্রয়, ভরণপোষণ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সংসদ সদস্যের প্রয়োজনীয় আর্থিক ও মানবিক সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। বিশেষ করে যেসব শিশু মা-বাবা উভয়ের স্নেহ-ছায়া থেকে বঞ্চিত, তাদের ভবিষ্যৎ যেন অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে না যায়, সে জন্য জনপ্রতিনিধি, প্রশাসন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। শিশুদের লেখাপড়া ও সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করা আমাদের সম্মিলিত দায়িত্ব।
স্থানীয় সচেতন মহলের মতে, একজন জনপ্রতিনিধি হয়েও নিজ ইউনিয়নের বাইরে অন্য ইউনিয়নের অসহায় এতিম শিশুদের পাশে দাঁড়ানো নিঃসন্দেহে প্রশংসনীয় মানবিক উদ্যোগ। অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি শিশু দুটির ভবিষ্যৎ নিয়ে তাঁর এই উদ্বেগ সমাজের অন্য সামর্থ্যবান ব্যক্তিদেরও মানবিক কাজে উৎসাহিত করবে।
মা-বাবাহীন শিশু সাথী ও সাব্বিরের জীবনে ফিরে আসুক আশার আলো—এমন প্রত্যাশা স্থানীয়দের। তাদের অনিশ্চিত ভবিষ্যৎ নিরাপদ করতে উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্যসহ সমাজের বিত্তবান ও মানবিক হৃদয়ের মানুষ এগিয়ে আসবেন, এমনটাই প্রত্যাশা।
মানবিকতার জয় হোক। কোনো এতিম শিশুই যেন মা-বাবার স্নেহ-ছায়া ও আর্থিক অসচ্ছলতার কারণে শিক্ষা, স্বপ্ন ও সুন্দর ভবিষ্যৎ থেকে বঞ্চিত না হয়। অসহায় শিশুদের পাশে দাঁড়ানো হোক আমাদের সবার মানবিক অঙ্গীকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *