জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত
শহর প্রতিনিধি:
মোহনা টেলিভিশনের জামালপুরের সাবেক প্রতিনিধি প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় মোহনা টেলিভিশন লিমিটেডের আয়োজনে জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে সারাদেশের প্রয়াত ও শহীদ সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় স্মরণসভায় প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীর কর্মময় জীবন ও সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন তার সহধর্মিণী খাদিজা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনা টেলিভিশনের নিউজ ইনচার্জ মাহমুদ হোসাইন। এ সময় বক্তব্য দেন জামালপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাফি পারভেজ, দৈনিক সচেতন কণ্ঠের সম্পাদক মো. বজলুর রহমান, বাংলা ভিশনের জামালপুর জেলা প্রতিনিধি জুলফিকার মো. জাহিদ হাবীব, চ্যানেল নাইনের জামালপুর প্রতিনিধি শরিফুল ইসলাম ঝুকন, কালবেলার জামালপুর প্রতিনিধি মশিউর রহমান এবং মোহনা টেলিভিশনের জামালপুর প্রতিনিধি মাহমুদুল হাসান রিয়াদসহ স্থানীয় সাংবাদিকরা।
বক্তারা বলেন, ওসমান হারুনী ছিলেন সাংবাদিকতায় দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ। তার সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তারা প্রয়াত এ সাংবাদিকের কর্ম ও স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানের শেষপর্বে প্রয়াত সাংবাদিক ওসমান হারুনীসহ সারাদেশের প্রয়াত ও শহীদ সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
