আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

ময়মনসিংহে বাসচাপায় নিহত ৭: জামালপুরে দাফন সম্পন্ন স্বজনদের আহাজারি

শহর প্রতিনিধি:
ময়মনসিংহে যাত্রীবাহী বাস চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ নিহত সাতজনের জামালপুরের গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। তাঁদের মধ্যে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের একই পরিবারের চারজন। এছাড়াও রয়েছে এক দম্পত্তি ও সিএনজি চালক।
শুক্রবার রাতে সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের বীর গোবিন্দী গ্রামে সিএনজি চালক সুজন মিয়ার জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। এরপর শনিবার সকাল ৯টায় একই ইউনিয়নের ঘোড়াকান্দা গ্রামে মর্জিনা বেগম ও তাঁর পাঁচ বছরের ছেলে মিনালের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁদের সেখানকার কবরস্থানে দাফন করা হয়। সকাল ১০টায় দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামে মোফাজ্জল হোসেন লেবু ও তাঁর ৮৫ বছর বয়সী মা রাশিদা বেগমের জানাজা শেষে পারিবারিক কবর¯’ানে দাফন করা হয়। এরপর শরিফপুর ইউনিয়নের বাদেচান্দি গ্রামে আকরাম আলী ও তার স্ত্রী মমতা বেগমের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
শুক্রবার ময়মনসিংহের আকুয়া বাইপাস এলাকায় রাজীব পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ সাতজন নিহত হন।
এই দূর্ঘটনায় নিহত একই পরিবারের চারজন হলেন দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন লেবু, তাঁর মা রাশিদা বেগম, ২৫ বছর বয়সী অন্তস্বত্ত্বা মেয়ে মর্জিনা বেগম এবং মর্জিনার পাঁচ বছরের ছেলে মিনাল।
একই পরিবারের চারজনকে হারিয়ে স্বজনরা এখন শোকে বাকরুদ্ধ। চারটি খাটিয়া, চারটি কবর আর স্বজনদের আহাজারিতে দড়িহামিদপুর ভাটিপাড়া ও ঘোড়াকান্দা গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। একই পরিবারের চার সদস্যকে দুই বাড়িতে দাফনের ঘটনায় এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে গভীর শোক। আর সাত জনের মৃত্যুর ঘটনায় শোকাহত পুরো জামালপুর।
দুর্ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাজীব পরিবহনের বাস ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন স্বজনরা।
স্থানীয়দের তথ্যমতে, গত ২০ মাসে রাজীব পরিবহনের বাসের কারণে ৯টি দুর্ঘটনায় অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এসব দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়।।
এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। দুর্ঘটনা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *