ডেঙ্গু প্রতিরোধে নাংলায় তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান নটারকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ পরিষ্কার করলেন চেয়ারম্যান কিসমত পাশাসহ স্থানীয়রা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে নাংলা ইউনিয়নে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) ইউনিয়নের নটারকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত পরিচ্ছন্নতা কার্যক্রমে চেয়ারম্যানের সঙ্গে ইউপি প্রশাসনিক কর্মকর্তা নূরুল ইসলাম, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন। এ সময় বিদ্যালয় মাঠ ও আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
পরিচ্ছন্নতা অভিযানে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।”
তিনি নাংলা ইউনিয়নকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষক-শিক্ষার্থী, ইউপি সদস্য ও গ্রাম পুলিশের অংশগ্রহণে স্থানীয়দের মধ্যেও সচেতনতা সৃষ্টি হয়। এ ধরনের উদ্যোগ নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
