কুলিয়া ইউপি চেয়ারম্যান প্রার্থী ডাঃ মেহেদী হাসান মেহেরের নির্বাচনী পরামর্শ সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ২ নম্বর কুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ মেহেদী হাসান মেহেরের নির্বাচনী পরামর্শ সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে ইউনিয়নের কুলিয়া দক্ষিণপাড়ায় তাঁর নিজ বাড়িতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সঙ্গে নির্বাচনী পরিকল্পনা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।
সভায় বক্তব্যে ডাঃ মেহেদী হাসান মেহের বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে কুলিয়া ইউনিয়নকে একটি উন্নত, পরিচ্ছন্ন, জনবান্ধব ও পরিকল্পিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করতে চাই। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে এলাকার সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।”
তিনি বলেন, ইউনিয়নের বিভিন্ন এলাকার জরাজীর্ণ রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন। পাশাপাশি নদীভাঙনকবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের বিষয়ে তিনি বলেন, এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ মাঠ, এতিমখানা ও কবরস্থানের উন্নয়নে সহযোগিতা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, জনসেবা এবং সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যাগুলো সমাধানে গুরুত্ব দেওয়া হবে।
ডাঃ মেহেদী হাসান মেহের আরও বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হতে পারলে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করতে চাই। কোনো এলাকাকে অবহেলিত না রেখে সবার মতামত, সহযোগিতা ও অংশগ্রহণের ভিত্তিতে কাজ করাই হবে আমার লক্ষ্য।”
উল্লেখ্য, ডাঃ মেহেদী হাসান মেহের মেলান্দহ উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এবং কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় পর্যায়ে মতবিনিময় ও জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত হলে কুলিয়া ইউনিয়নের যোগাযোগব্যবস্থা, গ্রামীণ অবকাঠামো এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে ইতিবাচক পরিবর্তনের সুযোগ সৃষ্টি হবে।
