চার বছর পর মাকে ফিরে পেল সন্তানরা, মানবিকতায় উজ্জ্বল দৃষ্টান্ত ওসি নাজমুস সাকিব

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি: চার বছর ধরে নিখোঁজ থাকা বাক্প্রতিবন্ধী মা আছিয়া (৫০)-কে ফিরে পেলেন তাঁর সন্তানেরা। জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিবের আন্তরিক উদ্যোগ ও পুলিশের প্রচেষ্টায় সোমবার (১২ অক্টোবর ২০২৬) পরিবারের কাছে ফিরেছেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর জামালপুর শহরের জেলখানার সামনে থেকে আছিয়াকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। বাক্প্রতিবন্ধী হওয়ায় তিনি নিজের পরিচয় জানাতে পারছিলেন না। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহযোগিতায় আঙুলের ছাপের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। খবর পেয়ে থানায় ছুটে আসেন তাঁর দুই ছেলে রাশেদুল ও মাশেদুল। প্রয়োজনীয় যাচাই শেষে তাঁদের কাছে মাকে ফিরিয়ে দেওয়া হয়।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর আগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন আছিয়া। অনেক খোঁজাখুঁজি, সাধারণ ডায়েরি (জিডি) ও পোস্টার দিয়েও মায়ের সন্ধান পাননি তাঁর সন্তানেরা। দীর্ঘ প্রতীক্ষার পর মাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তাঁরা।
এ বিষয়ে ওসি মো. নাজমুস সাকিব বলেন, “একজন অসহায় মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পারা সত্যিই আনন্দের। পুলিশ শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও কাজ করে। মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের কাজের বড় প্রাপ্তি।”
চার বছর পর মা-সন্তানের এই পুনর্মিলন শুধু একটি পরিবারের ফিরে পাওয়ার গল্প নয়; এটি মানবিক পুলিশিং, দায়িত্ববোধ ও মানুষের প্রতি ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত।
