উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে যমুনা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধ নিহত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জামাল উদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটের দিকে জামালপুর রেলওয়ে থানাধীন কেন্দুয়া কালীবাড়ি হাসিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিন জামালপুর সদর উপজেলার পশ্চিম কলতাপাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
জামালপুর রেলওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জামাল উদ্দিন হাসিল বিল এলাকায় জাল দিয়ে মাছ ধরতে যান। মাছ ধরার একপর্যায়ে তিনি রেললাইনের ওপর বসে ছিলেন। এ সময় তারাকান্দি থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থল অতিক্রম করার সময় অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, জামাল উদ্দিন ছিলেন নিঃসন্তান। তাঁর স্ত্রী মানসিকভাবে অসুস্থ। ভিটাবাড়ি ছাড়া উল্লেখযোগ্য কোনো জায়গা-সম্পত্তি না থাকায় তিনি দীর্ঘদিন ধরে হাসিল বিল থেকে জাল দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। বয়সজনিত কারণে তিনি কানে কম শুনতেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও পরিচয় শনাক্তের কার্যক্রম সম্পন্ন করে। দুর্ঘটনার কারণ এবং সার্বিক বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “রেলপথে চলাচলের সময় সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে রেললাইনের ওপর বসা বা চলাচল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ; এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।”
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জামালপুর রেলওয়ে থানা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *