উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

ডেঙ্গু প্রতিরোধে নাংলায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নে তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এরই ধারাবাহিকতায় হরিপুর হোছাইনিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশাসহ স্থানীয়রা।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে চেয়ারম্যানের সঙ্গে ইউপি প্রশাসনিক কর্মকর্তা নূরুল ইসলাম, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা অংশ নেন। এ সময় বিদ্যালয় মাঠ ও প্রাঙ্গণে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার পাশাপাশি বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
পরিচ্ছন্নতা অভিযানে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ কিসমত পাশা বলেন, “ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করতে পারলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।”
তিনি নাংলা ইউনিয়নকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুর ঝুঁকিমুক্ত রাখতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অভিযানে শিক্ষক-শিক্ষার্থী, ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও স্থানীয়দের অংশগ্রহণে এলাকায় জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রমে সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের কার্যক্রম নিয়মিত অব্যাহত রাখার ওপর গুরুত্ব দিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *