শহীদ জেহাদের আত্মত্যাগ গণতন্ত্রের আন্দোলনে চিরস্মরণীয় হয়ে থাকবে: রিজভী

ষ্টাফ রিপোর্টারঃ নব্বইয়ের স্বৈরাচারবিরোধী ছাত্র-গণঅভ্যুত্থানের সাহসী বীর শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শহীদ জেহাদ স্মৃতি সংসদের উদ্যোগে শহীদ জেহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, “গণতন্ত্র, মানুষের অধিকার ও ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ জেহাদের সাহসী ভূমিকা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।” তিনি শহীদ জেহাদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
শহীদ জেহাদ স্মৃতি সংসদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডাকসুর সাবেক জিএস ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।
স্মরণসভায় বক্তব্য দেন ডাকসুর সাবেক এজিএস নাজিম উদ্দীন আলম, নব্বইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতা, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসম্পাদক ও জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলসহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে ডাকসুর সাবেক ভিপি ও সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেন, “শহীদ জেহাদের আত্মত্যাগ স্বৈরাচারবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের এক উজ্জ্বল দৃষ্টান্ত; তাঁর দেখানো সাহস ও ত্যাগের পথ অনুসরণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
অন্যদিকে, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “শহীদ জেহাদের আত্মত্যাগ আমাদের গণতন্ত্রের জন্য নিরন্তর সংগ্রামের প্রেরণা; তাঁর স্মৃতি ধারণ করে জনগণের ভোটাধিকার, স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে হবে।”
বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ জেহাদের আত্মত্যাগ স্মরণ করে বলেন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর সাহসী ভূমিকা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ইতিহাসে এক অনন্য অধ্যায়। শহীদের আত্মত্যাগের চেতনা ধারণ করে গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
স্মরণসভা শুরুর আগে শহীদ জেহাদের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শহীদ জেহাদ স্মৃতি সংসদ ও কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তাঁরা শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
শহীদ জেহাদের ৩৬তম শাহাদাতবার্ষিকীর এ স্মরণসভায় তাঁর আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
