জামালপুরে ডিবির পৃথক অভিযানে ৪১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ৫
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের পৃথক দুটি বিশেষ অভিযানে ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত মিশুক ভ্যান জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৬ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের সার্বিক দিকনির্দেশনায় গত ১০ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দে দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর এলাকায় অভিযান দুটি পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে এএসআই (নিঃ) সোহাগ রানার নেতৃত্বে ডিবি-১ পুলিশের একটি দল দেওয়ানগঞ্জ থানার বাঘারচর সরকারপাড়া এলাকায় বকশীগঞ্জ-রৌমারীগামী পাকা সড়কে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত মিশুক ভ্যান জব্দ করা হয়।
এ অভিযানে গ্রেফতার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রৌমারী উপজেলার ছাট কড়াইবাড়ী এলাকার মোঃ সাইদুর রহমান (৩৪) ও মোঃ মনু মিয়া (৩৬) এবং খেতারচর এলাকার মোঃ সেলিম মিয়া (৩৮)।
এ ঘটনায় দেওয়ানগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
অপরদিকে, এসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে ডিবি-১ পুলিশের আরেকটি দল জামালপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাগে আবেদ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পালানোর চেষ্টাকালে দুজনকে আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তিরা হলেন জামালপুর সদর উপজেলার বগাবাইদ এলাকার নাবিব হাসান (২৩) এবং পূর্ব বামুনপাড়া এলাকার শামীম (৩০)। এ ঘটনায় জামালপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, পৃথক দুই অভিযানে গ্রেফতার পাঁচজনকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ডিবি-১-এর ওসি শাহিনুর ইসলাম তালুকদার বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে; মাদক কারবারিদের আইনের আওতায় এনে মাদকমুক্ত সমাজ গড়তে আমরা বদ্ধপরিকর।”
জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে মাদক নির্মূলে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন। মাদকবিরোধী অভিযান জোরদারের মাধ্যমে মাদক কারবারিদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ কাজ করছে।
