মেলান্দহ রেলস্টেশনে অপরাধ প্রতিরোধে রেলওয়ে পুলিশের সচেতনতামূলক সভা
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি: রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং স্টেশন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে জামালপুরের মেলান্দহ রেলস্টেশনে সচেতনতামূলক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত জামালপুর রেলওয়ে থানার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ট্রেনে পাথর নিক্ষেপ, মাদক সেবন, রেললাইনের যন্ত্রাংশ চুরি, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের তৎপরতা, পকেটমার ও ছিনতাই, টিকিট কালোবাজারি এবং স্টেশন এলাকায় অন্যান্য অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
সভায় মেলান্দহ স্টেশনের স্টেশন মাস্টার মোঃ উজ্জল, মেলান্দহ মালঞ্চ মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক, ঢাকার কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী মোঃ সোহাগসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নারী-পুরুষ যাত্রী অংশ নেন। এতে প্রায় ৭০ থেকে ৮০ জন উপস্থিত ছিলেন।
সভায় রেলযাত্রীদের নিরাপত্তা, রেলসম্পদ রক্ষা এবং অপরাধমুক্ত স্টেশন এলাকা গড়ে তুলতে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। পাশাপাশি অপরাধ প্রতিরোধে জনসাধারণের সহযোগিতা কামনা করে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “রেলযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা, রেলসম্পদ রক্ষা এবং স্টেশন এলাকাকে অপরাধমুক্ত রাখতে পুলিশের পাশাপাশি জনসাধারণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে; অপরাধ প্রতিরোধে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।”
রেলওয়ে পুলিশ জানায়, রেলস্টেশন ও আশপাশের এলাকায় অপরাধ প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
