দুরমুঠ ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ যাচাই-বাছাই করেন এমপি বাবুল

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় উপকারভোগী নির্বাচনের লক্ষ্যে জরিপের যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) মেলান্দহ উপজেলার ১ নম্বর দুরমুঠ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের খুদিয়ারকান্দা গ্রামে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচির গুরুত্ব তুলে ধরে বলেন, “ফ্যামিলি কার্ড কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে সঠিক যাচাই-বাছাই ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা এবং উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, “ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে তথ্যের সঠিকতা, স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রেখে সরকারি নির্দেশনা অনুযায়ী কার্যক্রম পরিচালনা করা হবে।”
উপজেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম বলেন, “প্রকৃত উপকারভোগী চিহ্নিত করে সরকারি সহায়তা নিশ্চিত করতে জরিপের তথ্য যাচাই-বাছাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা বিএনপির নবনির্বাচিত সহসভাপতি ও দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া। এ সময় দুরমুঠ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান বাদলসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফ্যামিলি কার্ড কর্মসূচির জরিপ যাচাই-বাছাই কার্যক্রমের মাধ্যমে প্রকৃত উপকারভোগী নির্বাচন এবং সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
