মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি বাবুলের আকস্মিক পরিদর্শন, রোগীদের দুর্ভোগ কমাতে তাৎক্ষণিক নির্দেশ
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর:
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল সোমবার (১৯ অক্টোবর ২০২৬) দুপুর ২টা ১০ মিনিটে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবা ও নানা সমস্যার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে হাসপাতালের ওয়াশরুমের অপরিচ্ছন্নতা ও মহিলা ওয়ার্ডের কিছু ত্রুটি তাঁর নজরে আসে। পাশাপাশি রোগীরা অভিযোগ করেন, বেসরকারি ক্লিনিকের দালাল চক্র তাঁদের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়, ফলে অতিরিক্ত অর্থ ব্যয় ও ভোগান্তির শিকার হতে হয়।
এসব সমস্যা সমাধানে সংসদ সদস্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক নির্দেশ দেন। তিনি নিয়মিত পরিচ্ছন্নতা নিশ্চিত করা, দালালদের তৎপরতা বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, হাসপাতাল এলাকায় নজরদারি বাড়ানো এবং রোগীদের সরকারি চিকিৎসাসেবা যথাযথভাবে নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। দায়িত্ব পালনে অবহেলা বরদাশত করা হবে না বলেও তিনি সংশ্লিষ্টদের সতর্ক করেন।
এ সময় মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, হাসপাতালে প্রতিদিন অসংখ্য রোগী সেবা পান। চিকিৎসক, নার্স ও কর্মীদের অনেক ইতিবাচক কাজ থাকলেও কিছু দৃশ্যমান ত্রুটি নিয়ে বেশি আলোচনা হয়। তাই ঘাটতিগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের পাশাপাশি ভালো কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে।
তিনি রোগীদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব, আবাসিক মেডিকেল কর্মকর্তা, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
