মেলান্দহে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে প্রধানমন্ত্রীর দুর্গোৎসবের উপহার বিতরণ করেন এমপি বাবুল

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জামালপুরের মেলান্দহে সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে উৎসবের উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর ২০২৬) মেলান্দহ উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার বিতরণ করেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুন আরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, শারদীয় দুর্গোৎসব শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক ভালোবাসারও প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে উৎসব উদযাপন করবেন—এটাই আমাদের প্রত্যাশা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই উপহার সনাতন ধর্মাবলম্বী নারীদের প্রতি শুভেচ্ছা ও ভালোবাসার নিদর্শন। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণ ও অধিকার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা আক্তার জ্যোতি, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনজুরুল কবির মঞ্জু, উপজেলা বিএনপির সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার ও আলহাজ্ব এম. রফিকুল ইসলাম রহিম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, হাজরাবাড়ী পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহ তালাদ মাহমুদ, উপজেলা বিএনপি সহসভাপতি আলী আকবর কমিশনার,সহসভাপতি নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বজলুর রহমান, সহসভাপতি আলহাজ্ব ফজলুল কাদের হেলাল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উৎসবের উপহার পেয়ে সনাতন ধর্মাবলম্বী নারীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। এ আয়োজন ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
