উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

কুলিয়ায় ভাঙা সেতু সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী তৌহিদুল ইসলাম রঞ্জু

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত একটি সেতু নিজ অর্থায়নে সংস্কার করে স্থানীয় মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছেন মেলান্দহ উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং আসন্ন ২ নম্বর কুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল ইসলাম রঞ্জু।
স্থানীয় সূত্রে জানা যায়, পচাঁবহলা বারেকের মোড় থেকে পুগলিপাড়া যাওয়ার পথে খালেক মেম্বারের বাড়ির প্রাঙ্গণে অবস্থিত সেতুটি বন্যার পানিতে ভেঙে যায়। পরে এলাকাবাসী নিজেদের উদ্যোগে কাঠ ও বাঁশ দিয়ে সাময়িকভাবে চলাচলের ব্যবস্থা করেন। তবে দীর্ঘদিন ব্যবহারের ফলে সেই অস্থায়ী ব্যবস্থাও নষ্ট হয়ে যায়। এতে কয়েক গ্রামের প্রায় ১০ হাজারের বেশি মানুষের যাতায়াত ও কৃষিপণ্য পরিবহনে চরম দুর্ভোগ দেখা দেয়।
বিশেষ করে কৃষকদের উৎপাদিত ফসল বাজারে নেওয়া, শিক্ষার্থীদের যাতায়াত এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। জরুরি প্রয়োজনে সেতুটি ব্যবহার করতে গিয়ে ভোগান্তিতে পড়তে হতো স্থানীয় বাসিন্দাদের।
এ অবস্থায় সেতুটি সংস্কারের জন্য এলাকাবাসী তৌহিদুল ইসলাম রঞ্জুর সহযোগিতা চান। স্থানীয় মানুষের দুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে তিনি নিজ অর্থায়নে সংস্কারকাজে এগিয়ে আসেন। তাঁর উদ্যোগে সেতুটি পুনরায় চলাচলের উপযোগী করে তোলা হয়।
সেতুটি সংস্কারের ফলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন যাতায়াত সহজ হওয়ায় উপকৃত হচ্ছেন কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় বাসিন্দাদের মতে, গ্রামীণ যোগাযোগব্যবস্থার এমন সংকট নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি। তাঁদের প্রত্যাশা, সেতুটি স্থায়ীভাবে নির্মাণ বা পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে ভবিষ্যতে আর এমন দুর্ভোগ পোহাতে না হয়।
এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে তৌহিদুল ইসলাম রঞ্জুর এই উদ্যোগ স্থানীয়ভাবে আলোচনায় এসেছে। তবে সেতুটির স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *