মেলান্দহ রেলওয়ে স্টেশনে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় পাথর নিক্ষেপ, মাদক সেবন, রেললাইনের যন্ত্রাংশ চুরি, টিকিট কালোবাজারি, ইভটিজিং, কিশোর গ্যাং ও বাল্যবিবাহসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে বিট পুলিশিংয়ের মাধ্যমে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। জামালপুর রেলওয়ে থানার উদ্যোগে আয়োজিত সভায় স্টেশনের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী-পুরুষ যাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন মেলান্দহ রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. উজ্জ্বল, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের শিক্ষার্থী মো. রবিন, মেলান্দহ স্টেশনের কি-ম্যান মো. জহিরুল ইসলাম এবং অবসরপ্রাপ্ত থানা সদস্য মো. শফিকুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
সভায় রেলওয়ে এলাকায় পাথর নিক্ষেপের মতো বিপজ্জনক কর্মকাণ্ড বন্ধ, মাদক সেবন ও বেচাকেনা প্রতিরোধ, রেললাইনের যন্ত্রাংশ চুরি রোধ, টিকিট কালোবাজারি বন্ধ, স্টেশন এলাকা হকারমুক্ত রাখা, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন এবং বাল্যবিবাহ প্রতিরোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি স্টেশন এলাকায় শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “রেলওয়ে এলাকায় অপরাধ প্রতিরোধ ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত কাজ করছে। বিট পুলিশিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের সহযোগিতায় মেলান্দহ স্টেশন এলাকাকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”
সভা শেষে সংশ্লিষ্ট এলাকায় অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মেলান্দহ রেলওয়ে স্টেশন এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে জামালপুর রেলওয়ে থানা সূত্রে জানানো হয়েছে।
