কুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ডা. মেহেদী হাসান মেহেরের গণসংযোগ ও লিফলেট বিতরণ

জামালপুর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ২ নম্বর কুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন উপজেলা বিএনপির সদস্য, উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এবং কুলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মেহেদী হাসান মেহের।
বুধবার (৪ নভেম্বর) আকস্মিকভাবে তিনি কুলিয়া ইউনিয়নের সাদিপাটি বাজার ও সাদিপাটি চার রাস্তার মোড় এলাকায় গণসংযোগ করেন। এ সময় ব্যবসায়ী, সাধারণ ভোটার ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় এবং লিফলেট বিতরণের মাধ্যমে আসন্ন নির্বাচনে তাঁদের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
গণসংযোগকালে স্থানীয় ভোটার ও বাজারের ব্যবসায়ীরা তাঁর সঙ্গে কথা বলেন এবং ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও নাগরিক সমস্যার বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় উপস্থিত অনেকেই আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেন এবং তাঁর প্রতি সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে।
স্থানীয়দের আলোচনায় ডা. মেহেদী হাসান মেহেরের রাজনৈতিক কর্মকাণ্ড, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন বিষয়ে প্রতিবাদী ভূমিকার বিষয়গুলো উঠে আসে। একজন সহজ-সরল, সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত, সাহসী ও মানবিক মানুষ হিসেবে এলাকায় তাঁর পরিচিতি রয়েছে বলে সমর্থকদের অভিমত।
তরুণ প্রজন্মের নেতৃত্ব, মানুষের পাশে থাকার প্রত্যয় এবং জনকল্যাণমূলক চিন্তাভাবনাকে সামনে রেখে তিনি কুলিয়া ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়নে কাজ করতে চান। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থা, সামাজিক ন্যায়বিচার এবং সাধারণ মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার প্রত্যাশা নিয়ে তিনি ভোটারদের কাছে যাচ্ছেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে কুলিয়া ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ধীরে ধীরে বাড়ছে। এরই ধারাবাহিকতায় ডা. মেহেদী হাসান মেহেরের এই গণসংযোগ তাঁর নির্বাচনী প্রস্তুতি ও জনসম্পৃক্ততার একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
এলাকাবাসীর প্রত্যাশা, ব্যক্তিগত জনপ্রিয়তা ও রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি যোগ্যতা, সততা, জবাবদিহি এবং জনসেবার মানসিকতাই হোক আগামী দিনের নেতৃত্ব নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয়।
