জামালপুরে আওয়ামী লীগের মিছিল ও থানায় মামলা: গ্রেপ্তার ৩
শহর প্রতিনিধি:
শেখ হাসিনার দেশে ফেরাকে স্বাগত জানিয়ে জামালপুরে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশ (২৮), ছাত্রলীগ নেতা শাকিল আহম্মেদ (২৮) ও মোকারম হোসেন (২৭)।
রবিবার সকালে শহরের বকুলতলা মোড় থেকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দিয়ে একটি মিছিল বের হয়। প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মশাল, ব্যানার, লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে শোডাউন দেয়। পরে স্থানীয়দের ধাওয়ায় তারা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্রগুলো উদ্ধার করে।
এ ঘটনায় জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে সোমবার সন্ত্রাসবিরোধী আইনে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে প্রধান আসামি করে ৩৭ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৩৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী আনোয়ার হোসেন শাহীন বলেন, আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্য প্রতিহত করতেই এই মামলা করা হয়েছে। পাশাপাশি তাদের এই নৈরাজ্যের প্রতিবাদে আগামীতে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জামালপুর থানার ওসি নাজমুস সাকিব জানান, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
