মেলান্দহে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র্যালি

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃ ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের নেতৃত্বে র্যালিটি উমির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বের হয়। পরে র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম চত্বরে গিয়ে শেষ হয়।
মেলান্দহ উপজেলা, পৌর ও হাজরাবাড়ী পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ র্যালিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এম রফিকুল ইসলাম রহিম, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন, মেলান্দহ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরনবী মন্ডল এবং হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম তালাত মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন, সরকারকে ব্যর্থ করা, স্বাধীনতা ও গণতন্ত্রকে ব্যর্থ করা এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
