আলোচিতইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

যমুনা নদী ভাঙ্গন থেকে বাঁচতে চায় ইসলামপুরের লক্ষাধিক মানুষ

জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া থেকে মন্ডলপাড়া হয়ে প্রজাপতি পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকায় যমুনা নদীর বামতীরে সম্প্রতি ভয়াবহ নদী ভাঙ্গন চলছে। আজ থেকে পঞ্চাশ বছর আগে এই জায়গাতে যেভাবে নদী ভাঙ্গন চলছিল ঠিক একই ভাবে সম্প্রতি ওই জায়গায় আবারো একই ভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে। যমুনার এই ভয়াবহ নদী ভাঙ্গন রোধের দাবীতে স্থানীয়রা নদীর তীরে সম্প্রতি কয়েক দফা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন সারা পায়নি বলে দাবী করেছেন এলাকাবাসী।

ইসলামপুরের সাপধরী ইউনিয়নের বাসিন্দা ষাটোর্ধ সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী জানান, আজ থেকে পঞ্চাশ বছর আগে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া, আকন্দ পাড়া, মন্ডল পাড়া, বিশরশি, সুখচর, চর শিশুয়া ও প্রজাপতি, শীলদহ ও সিন্দুরতলি এলাকায়  নদী ভাঙ্গন শুরু হয়েছিল। এরপর টানা ২০ বছরের অব্যাহত ভাঙ্গনে নদীটি এই জায়গা থেকে ভাঙ্গতে ভাঙ্গতে নদীটি তার মূল স্রোতধারা থেকে প্রায় দশ কিলোমিটার পূর্বে ইসলামপুর উপজেলার গুঠাইল, উলিয়া, হারগিলা, তারতা পাড়া ও কাঠমা পর্যন্ত এলাকায় পৌঁছে যায়। এরই একপর্যায়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সফল পরিকল্পনায় দেওয়ানগঞ্জের ফুটানী বাজার থেকে ইসলামপুরের কুলকান্দি ও গুঠাইল হয়ে উলিয়া বাজার পর্যন্ত এলাকায় কংক্রিটের ব্লক সেটিং করে যমুনার বামতীর সংরক্ষণে বাঁধ নির্মাণ করা হয়। ওই কংক্রিটের বাঁধে প্রতিরোধ পেয়ে যমুনার তীব্র স্রোত থেমে যায় এবং দিন দিন নদীটির মূলস্রোত তার পূর্বেকার অবস্থানে ফিরে যায়। তবে বিগত কয়েক বছরে যমুনা থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন ও অপরিকল্পিত নদী খনন প্রক্রিয়ার কারণে ইসলামপুরের বেলগাছা ইউনিয়নের সিন্দুরতলী পয়েন্টে দুইটি শাখা নদীর সৃষ্টি হয়।

যমুনার ওই নতুন শাখা নদী দুইটি ইসলামপুরের বেলগাছা, চিনাডুলি, সাপধরী ও নোয়ারপাড়া ইউনিয়ন সমূহের মাঝ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই শাখা নদী দুইটি শুষ্ক মৌসুমে শুকিয়ে গেলেও বর্ষা মৌসুমে ক্ষিনধারায় প্রবাহিত হয়। এতে যমুনার ওই শাখা নদী দুইটির উভয় তীরে ইসলামপুরের সাপধরী ইউনিয়নের কাশারী ডোবা, কোদাল ধোয়া, রায়ের পাড়া, চেঙ্গানিয়া, আকন্দ পাড়া, মন্ডল পাড়া, বিশরশি, সুখচর, চর শিশুয়া, প্রজাপতি, ফকির পাড়া এবং নোয়াপাড়া ইউনিয়নের নতুনপাড়া, পূর্ব রায়ের পাড়া, মাইজবাড়ী, চর টগা ও কাঠমা কৃষ্ণ নগর এলাকা সমূহে নতুন করে চর জেগে চাষাবাদ ও বসবাসের উপযোগী হয়েছে। এছাড়াও বেলগাছা ইউনিয়নের শীলদহ, সিন্দুর তলি ও চিনাডুলী ইউনিয়নের চরনন্দনের পাড়া, কুকুর মারী, কুতুবুল্লারচর ও  নয়াপাড়া এলাকা সমুহ যমুনার পেট থেকে উদ্ধার হয়ে দিন দিন ঘমবসতিপূর্ণ এলাকা ও ফসলি জমির মাঠে রুপান্তরিত হয়েছে। ইতোমধ্যেই যমুনার এসব চরে লক্ষাধিক মানুষ নতুন করে বসতি গেড়েছে। ইতিমধ্যেই চরের অসহায় মানুষগুলো নতুন ভাবে চাষাবাদ ও ব্যবসা বাণিজ্যে সফলতা পেয়ে অতীতের নদী ভাঙ্গনের দুঃখ কষ্টই ভুলতে শুরু করেছিল। কিন্তু বিধি বাম।

সাংবাদিক আজিজুর রহমান চৌধুরী আরো জানান, যমুনার বুকে নতুন করে বসতি স্থাপন করা চরাঞ্চল বাসীর সুখ যেন দীর্ঘস্থায়ী হচ্ছেনা। ওইসব চরাঞ্চলে সম্প্রতি আবারো নতুন করে শুরু হয়েছে নদী ভাঙ্গনের আতঙ্ক। গত একবছর ধরে আবারও সেই পঞ্চাশ বছর আগের স্টাইলেই শুরু হয়েছে যমুনার বাম তীরে ভয়াবহ নদী ভাঙ্গন। ইসলামপুরের সাপধরী ইউনিয়নের চেঙ্গানিয়া থেকে বিশরশি, মন্ডলপাড়া, সুখচর ও চেঙ্গালিয়া হয়ে প্রজাপতি পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে যমুনার এই নদী ভাঙ্গন ক্রমেই তীব্র আকার ধারণ করছে। অসময়ে এই নদীর ভাঙ্গন যেভাবে অব্যাহত রয়েছে তা দ্রুত রোধ করা না গেলে বেলগাছা, সাপধরী, চিনাডুলি ও নোয়ারপাড়া ইউনিয়ন সমূহের লক্ষাধিক মানুষ আবারো বসত ভিটা ও ফসলি জমি হারিয়ে এলাকা ছাড়তে বাধ্য হবেন। কারণ নদী ভাঙনের শিকার হয়ে ইতোমধ্যে বহু পরিবার তাদের শেষ সম্বলটুকু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। ফসলি জমি হারিয়ে জীবিকা নিয়েও চরম সংকটে পড়েছেন স্থানীয় কৃষকরা।

ইসলামপুরের চেঙ্গানিয়া থেকে আকন্দপাড়া, মন্ডলপাড়া, সুখচর ও চেঙ্গালিয়া হয়ে প্রজাপতি পর্যন্ত এলাকায় যমুনার বামতীরে দ্রুততম সময়ের মধ্যে সাময়িক ভাবে বাঁশের পাইলিং করা জরুরী। এছাড়াও যমুনার এই ভয়াবহ নদী ভাঙ্গন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য
যমুনার বাম তীরের ওই পয়েন্টে সিসি ব্লক সেটিং করার দাবীতে এলাকাবাসী নদীর তীরে একাধিকবার মিছিল ও মানববন্ধন করেছেন। তারা এই নদী ভাঙ্গন রোধে স্থানীয় এমপি সুলতান মাহমুদ বাবু এবং নদী শাসন ও পানি সম্পদ মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *