কৃষকের পাশে সংসদ সদস্য: মাঠের বাস্তবতা তুলে ধরে কৃষকের জীবনমান উন্নয়নের আহ্বান

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ কৃষকের অজ্ঞতাকে নয়, শিক্ষার অভাব ও দীর্ঘদিনের বঞ্চনাকে গুরুত্ব দিয়ে আধুনিক কৃষি ব্যবস্থার প্রত্যাশা
কৃষক আমাদের দেশের অর্থনীতির প্রাণশক্তি, তাঁরা দেশের অন্নদাতা। তাঁদের শ্রম, ঘাম ও ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে আমাদের খাদ্যনিরাপত্তা। তাই কৃষকের বাস্তব সমস্যা, সীমাবদ্ধতা ও প্রয়োজনীয়তা নিয়ে খোলামেলা আলোচনা করা মানেই কৃষককে ছোট করা নয়; বরং তাঁদের জীবনমান উন্নয়নের পথ তৈরি করা।
আমাদের সম্মানিত সংসদ সদস্য কৃষকের পাশে দাঁড়িয়ে মাঠপর্যায়ের একটি বাস্তব চিত্র তুলে ধরেছেন। আজও অনেক কৃষক সার, বীজ ও কীটনাশকের দোকানে গিয়ে পণ্যের গায়ে লেখা নির্দেশনা নিজে পড়ে বুঝতে পারেন না। অনেক সময় অন্যের সহযোগিতা নিতে হয়। এটি তাঁদের মেধা বা যোগ্যতার ঘাটতি নয়; বরং দীর্ঘদিনের শিক্ষাবঞ্চনা ও গ্রামীণ শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতার প্রতিফলন।
একজন কৃষক প্রাতিষ্ঠানিক শিক্ষায় পিছিয়ে থাকতে পারেন, কিন্তু কৃষিকাজের অভিজ্ঞতা, মেধা ও শ্রমে তিনি অনেকের চেয়ে এগিয়ে। তাঁরাই প্রকৃত অর্থে আমাদের খাদ্যের জোগানদাতা। তাই তাঁদের নিয়ে তুচ্ছতাচ্ছিল্য নয়, প্রয়োজন সম্মান, সহযোগিতা ও কার্যকর উদ্যোগ।
বর্তমান ডিজিটাল যুগে কৃষকদের স্মার্ট কৃষি ব্যবস্থার আওতায় আনতে হলে তাঁদের জন্য সহজবোধ্য প্রশিক্ষণ, কৃষি উপকরণের সঠিক ব্যবহারবিধি, ন্যায্যমূল্যে সার-বীজ সরবরাহ এবং ডিজিটাল কৃষিসেবা নিশ্চিত করতে হবে। কৃষক যেন পণ্যের গায়ে লেখা নির্দেশনা বুঝতে পারেন, প্রতারিত না হন এবং নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে পারেন—সেই পরিবেশ তৈরি করাই সময়ের দাবি।
আমাদের সংসদ সদস্যের বক্তব্যকে নেতিবাচকভাবে উপস্থাপন না করে এর অন্তর্নিহিত উদ্দেশ্য ও কৃষকের কল্যাণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে মাননীয় চিফ হুইপ মহোদয়ের প্রতি আহ্বান, প্রয়োজনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বক্তব্যের প্রকৃত প্রেক্ষাপট তুলে ধরে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটানো হোক।
আমরা চাই, কৃষকের সম্মান অক্ষুণ্ণ থাকুক, তাঁদের সমস্যা সংসদে ও রাষ্ট্রীয় নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাক। কৃষকের হাতে আধুনিক প্রযুক্তি পৌঁছাক, তাঁদের সন্তানরা শিক্ষিত হোক এবং কৃষি হোক আরও সমৃদ্ধ ও আধুনিক।
কৃষককে ছোট করে নয়, কৃষককে এগিয়ে নিয়েই গড়তে হবে সমৃদ্ধ বাংলাদেশ। কৃষক বাঁচলে, কৃষি বাঁচবে; কৃষি বাঁচলে, দেশ বাঁচবে।
