উপজেলার সংবাদজাতীয়জামালপুরমেলান্দহ

মেলান্দহে গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস ও ফুড সেফটি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে ‘গুড অ্যাকুয়াকালচার প্র্যাকটিস অ্যান্ড ফুড সেফটি’ (উত্তম মৎস্যচাষ পদ্ধতি ও খাদ্য নিরাপত্তা) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর ২০২৬) মেলান্দহ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর।
প্রশিক্ষণে মৎস্যচাষিদের আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষ, পুকুরের পরিবেশ ও পানির গুণগত মান বজায় রাখা, মাছের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য উৎপাদন এবং স্বাস্থ্যসম্মত উপায়ে মাছ উৎপাদন ও বাজারজাতকরণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। আরো বক্তব্য রাখেন জামালপুর জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক প্লাবন সরকার।
সভাপতির বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা আশিকুর রহমান বলেন, উত্তম মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ করে মাছের উৎপাদন বৃদ্ধি, চাষের পরিবেশ সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত মাছ উৎপাদনে মৎস্যচাষিদের সচেতন ও দক্ষ করে তোলাই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।
প্রধান অতিথির বক্তব্যে জেলা মৎস্য কর্মকর্তা আ.ন.ম. আশরাফুল কবীর বলেন, নিরাপদ মাছ উৎপাদন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মৎস্যচাষিদের আধুনিক প্রযুক্তি, বিজ্ঞানসম্মত চাষাবাদ এবং উত্তম মৎস্যচাষ পদ্ধতি অনুসরণ করতে হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী মৎস্যচাষিরা তাঁদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এ সময় তাঁরা পুকুরে মাছ চাষের অন্যতম ব্যয়বহুল উপকরণ বিদ্যুৎ বিলের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেন।
মৎস্যচাষিরা সরকারের কাছে দাবি জানান, কৃষকদের কৃষি সেচে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে যেভাবে বিশেষ সুবিধা ও ভর্তুকি দেওয়া হয়, একইভাবে মাছচাষিদের পুকুরে মাছ চাষের কাজে ব্যবহৃত বিদ্যুতের বিলেও ভর্তুকি অথবা বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা করতে হবে। তাঁদের মতে, বিদ্যুতের ব্যয় কমানো গেলে মাছ উৎপাদন খরচ কমবে, চাষিরা আর্থিকভাবে উপকৃত হবেন এবং দেশের মৎস্য উৎপাদন আরও সম্প্রসারিত হবে।
প্রশিক্ষণে মৎস্যচাষিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও তাঁদের বাস্তব সমস্যাগুলো তুলে ধরার মধ্য দিয়ে নিরাপদ মৎস্য উৎপাদন, আধুনিক চাষাবাদ এবং মৎস্য খাতের উন্নয়নে সংশ্লিষ্টদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *