দুই দফা তালাকের পরও ১৬ বছর সংসার, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ
শহর প্রতিনিধি:
জামালপুরে দুই দফা তালাক দেওয়ার পরও স্ত্রীর সঙ্গে দীর্ঘ ১৬ বছর সংসার করার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। এ সময় তাদের সংসারে জন্ম নেয় দুই সন্তান। স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতন, দেহব্যবসায় বাধ্য করার চেষ্টা এবং পাঁচ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ করেছেন স্ত্রী সাবিতা বেগম।
ভুক্তভোগীর অভিযোগ, যৌতুকের টাকা দিতে না পারায় গত ১০ আগস্ট দুই সন্তানসহ তাকে বাড়ি থেকে বের করে দেন স্বামী। বর্তমানে মেয়েকে নিয়ে পোশাক কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি।
সাবিতা বেগমের দাবি, ২০১০ সালে প্রথম এবং ২০১১ সালে দ্বিতীয়বার তালাক দিলেও বিষয়টি গোপন রাখেন স্বামী শফিকুল ইসলাম। এরপরও স্বামী-স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন একসঙ্গে বসবাস করেন তারা। এ সময় তাদের সংসারে জন্ম নেয় এক কন্যাসন্তান। টাকার জন্য অন্য পুরুষের কাছে স্ত্রীকে তুলে দিত শফিকুল।
এ ঘটনায় জামালপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। তবে প্রতিকার না পেয়ে বুধবার দুপুরে জামালপুর প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে নির্যাতনের বর্ণনা দিয়ে ন্যায়বিচার দাবি করেন তিনি।
অভিযোগটি তদন্ত করছেন সদর থানার এএসআই ফরহাদ উদ্দিন। মুঠোফোনে তিনি জানিয়েছেন, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শফিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।
