মেলান্দহে কমিউটার ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু রেললাইনে বসে থাকার সময় দুর্ঘটনা, অপমৃত্যু মামলা দায়ের
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনে কাটা পড়ে সিয়াম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর ২০২৬) দুপুর ১২টা ৫ মিনিটের দিকে মেলান্দহ স্টেশনের শ্যামপুর নয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম ওই এলাকার নিলু খানের ছেলে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি জন্ম থেকেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন এবং প্রায়ই রেললাইনের ওপর বসে থাকতেন। ঘটনার সময়ও তিনি রেললাইনের ওপর অবস্থান করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
খবর পেয়ে জামালপুর রেলওয়ে থানার এসআই (নিঃ) মো. সাইফুল আলম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা নং-৩৮, তারিখ ১৮ নভেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “রেলপথে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। বিশেষ করে পরিবারের মানসিক ভারসাম্যহীন সদস্যদের প্রতি বাড়তি নজরদারি রাখা জরুরি।”
রেললাইনে অযথা চলাচল ও অবস্থান না করা এবং পরিবারের ঝুঁকিপূর্ণ সদস্যদের নিরাপত্তায় সচেতন থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
