গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হামলার প্রতিবাদ ও জননিরাপত্তার দাবিতে মেলান্দহে বিএনপির বিক্ষোভ মিছিল

জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের টনকী বাজারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ এবং জনগণের জানমালের নিরাপত্তার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের নির্দেশনায় এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টনকী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেটে গিয়ে শেষ হয়।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে আয়োজিত এ মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাঁদের কণ্ঠে শোনা যায়, ‘আপা, আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘আওয়ামী লীগের দোসররা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মাসদ রানা, সদস্য সচিব মোরাদুজ্জামান মুরাদ, যুবদল নেতা রেজাউল করিম হীরা, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, জোনাব আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবুল মিয়া, সদস্য সচিব শিপন মিয়া এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
মিছিল থেকে নেতাকর্মীরা সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
