মেলান্দহে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরের মেলান্দহে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মেলান্দহ থানার হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূইয়া।
সভায় মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, মেলান্দহ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবোধ চন্দ্র অধিকারী, শাহজাদপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন চন্দ্র রাহা, দুরমুঠ মধ্যেপাড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার দাসসহ উপজেলার ২৪টি পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূইয়া বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ঐতিহ্যের অন্যতম উৎসব। শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনে পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে এবং পূজা কমিটিগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে।”
সভাপতির বক্তব্যে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, “পূজামণ্ডপে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন; যেকোনো সমস্যা দ্রুত পুলিশকে জানানোর জন্য পূজা কমিটির নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।”
সভায় পূজা উদযাপনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা, যানবাহন চলাচল, স্বেচ্ছাসেবকদের ভূমিকা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ ও পূজা কমিটির মধ্যে সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
সভাটি সঞ্চালনা করেন মেলান্দহ থানার সেকেন্ড অফিসার এসআই জ্যোতিময় সরকার মিশু।
সভায় বক্তারা ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।
