আলোচিতউপজেলার সংবাদজামালপুর

নাসিরাবাদ ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, কিশোর আহত


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় ট্রেনের ছাদ থেকে পড়ে মোঃ মাহিদ (১৫) নামে এক কিশোর আহত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল আনুমানিক ৬টা ৫০ মিনিটের দিকে জামালপুর রেলওয়ে থানাধীন কিলোমিটার ৩৮০/২-৩-এর মাঝামাঝি নন্দী-ইটাইল চৌরাপাড়া শ্মশানঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে যমুনা পূর্বঘাটগামী ৩৭ নম্বর নাসিরাবাদ ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে যান আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা এক পুরুষ। পরে তিনি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
একই সময়ে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোর মোঃ মাহিদ (১৫) আহত হয়। সে কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার কুলগাঁও গ্রামের মৃত বাপ্পির ছেলে। দুর্ঘটনার পর তাকে দ্রুত জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে।
সংবাদ পেয়ে জামালপুর রেলওয়ে থানার এসআই (নিঃ) নয়ন চন্দ্র সরকার ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহতের পরিচয় শনাক্তের কার্যক্রম চলছে।
এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা নং-৩১, তারিখ ৩ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ রুজু করা হয়েছে।
জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আহত কিশোরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাত্রা না করার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *