উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে জামালপুরের মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) মাদারগঞ্জ মডেল থানার উদ্যোগে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ভূঁঞা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি বাবু লিটন চন্দ্র রায়, সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র বর্মন, বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রী রাখাল চন্দ্র বিশ্বাস এবং সাধারণ সম্পাদক আনন্দ চৌধুরী।

সভায় আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি পূজা উদ্‌যাপন কমিটি, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের মধ্যে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। মণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করা হবে।

মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। পূজামণ্ডপগুলোতে নিয়মিত পুলিশ টহল থাকবে। বিদ্যুৎ সরবরাহে সম্ভাব্য সমস্যা বিবেচনায় রেখে প্রতিটি পূজামণ্ডপে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা হিসেবে জেনারেটর প্রস্তুত রাখার পরামর্শ দেন তিনি।

এ সময় আনন্দ ঘোষ, সন্তোষ, চিত্ত চন্দ্র বিশ্বাস, নিয়ত চন্দ্র বর্মনসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং মাদারগঞ্জ উপজেলার হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্ট সবাইকে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপনে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *