ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

মেলান্দহে দোকানদারের ওপর হামলার স্ত্রী-মেয়েকেও মারধর থানায় অভিযোগ

জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ পৌরসভার শাহজাতপুর মধ্যপাড়ায় পূর্ববিরোধের জেরে মোঃ মাসুদ (৩২) নামে এক মুদি দোকানদারের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার স্ত্রী ও মেয়েকেও মারধর এবং দোকান ভাঙচুর করে নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মেলান্দহ থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন আহত মাসুদ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ৮টার দিকে শাহজাতপুর মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন মাসুদের দোকানের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন—শাহজাতপুর মধ্যপাড়ার আলমগীর শেখ (২৬), শাহিন শেখ (৪০), জামাল শেখ (৫৫) ও জানাহানা বেগম ওরফে ঠান্ডা (৫০)।
বাদীর অভিযোগ, আলমগীর শেখের কাছে তার দোকানের ৩২০ টাকা বকেয়া ছিল। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে কয়েক দিন আগে তাদের মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হলেও এ নিয়ে অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মাসুদের দাবি, ঘটনার দিন অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লোহার রড ও কাঠের লাঠিসহ তার দোকানের সামনে এসে অতর্কিত হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান এবং বাম হাতের কব্জিতে গুরুতর জখম হয়। এ সময় তাকে শ্বাসরোধের চেষ্টারও অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়, স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে মাসুদের স্ত্রী মনি আক্তারকেও মারধর করা হয়। ঘটনার ভিডিও ধারণের চেষ্টা করায় তাদের ১০ বছর বয়সী মেয়ে মারিয়া জান্নাতকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া দোকানের টিন ভাঙচুর করে প্রায় ২ হাজার টাকার ক্ষতি এবং দোকানের ক্যাশে থাকা প্রায় ৩৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন মাসুদ। পরে চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মাসুদকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয় এবং তার স্ত্রী ও মেয়েকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে অভিযোগে জানানো হয়েছে।
এ ঘটনায় মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আহত মাসুদ। অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
তবে এই বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক জানান, অভিযোগ পেয়েছি তবে তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *