খেলাধুলায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার প্রত্যয়ে নাংলায় নতুন কুঁড়ি স্পোর্টসের সভা
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং ইউনিয়ন পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয়ে জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়নে নতুন কুঁড়ি স্পোর্টস পরিচালনা ইউনিয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে নাংলা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। সভায় ইউনিয়নের ক্রীড়া কার্যক্রম সম্প্রসারণ, তরুণদের মাঠমুখী করা এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ ও সুন্দর প্রজন্ম গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি ও নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান, নাংলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম, ইউপি সদস্য ও সাবেক প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী মেম্বার, সমাজসেবক আবুল কাশেমসহ ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা বলেন, “খেলাধুলার মাধ্যমে আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে। তরুণ প্রজন্মকে মাঠে ফিরিয়ে এনে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে নাংলায় ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করা হবে।”
