মাদারগঞ্জে ২৩ পিস ইয়াবাসহ সাইফুল গ্রেপ্তার
মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুর মাদারগঞ্জে অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ সাইফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার ১ নং চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া ফকিরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নূরুজ্জামান (নূরু পুলিশ)-এর ছেলে।
পুলিশ জানায়, তেঘরিয়া এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার তথ্যের ভিত্তিতে বুধবার বিকেলে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানের সময় সাইফুল ইসলামের আচরণ ও চলাফেরা সন্দেহজনক মনে হলে পুলিশ তাঁর দেহ তল্লাশি করে। এ সময় তাঁর হেফাজত থেকে ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে তাঁকে আটক করে থানায় নেওয়া হয়।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীস রায় বলেন, ২৩ পিস ইয়াবাসহ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
