ক্রেতা সেজে গ্যাস সিলিন্ডারের দাম যাচাই, মেলান্দহ বাজারে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ বাজারে ক্রেতা সেজে গ্যাস সিলিন্ডারের দাম যাচাই করে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) দুপুরে মেলান্দহ পৌরসভার বাজার এলাকায় বিভিন্ন দোকানে ঘুরে গ্যাস সিলিন্ডারের দাম যাচাই-বাছাই করে এ অভিযান পরিচালনা করেন মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুন আরা।
অভিযানকালে ক্রেতা সেজে বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডারের বিক্রয়মূল্য যাচাই করা হয়। এ সময় মূল্যসংক্রান্ত অনিয়মের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুন আরা বলেন, “সাধারণ ক্রেতারা যাতে ন্যায্যমূল্যে গ্যাস সিলিন্ডার কিনতে পারেন, তা নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের নিয়ম মেনে পণ্য বিক্রির আহ্বান জানাচ্ছি; কেউ অনিয়ম করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, বাজারে পণ্যের মূল্য স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় উপজেলা প্রশাসন নিয়মিত তদারকি করবে।
উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। তাঁদের প্রত্যাশা, এ ধরনের তদারকি অব্যাহত থাকলে বাজারে গ্যাস সিলিন্ডারের মূল্য নিয়ে অনিয়ম কমবে এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য কেনার সুযোগ পাবেন।
