মেলান্দহের ধর্ষণ মামলার প্রধান আসামি মাদারগঞ্জে গ্রেপ্তার
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ থানায় দায়ের করা ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় এজাহারনামীয় প্রধান আসামি মোঃ হালিমকে (৩০) গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশের এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪), জামালপুর ক্যাম্প।
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাত ৭টা ৫ মিনিটের দিকে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদাহ কালার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৪ জামালপুর ক্যাম্পের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, তদন্তকারী কর্মকর্তার অনুরোধ এবং গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১, এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার হালিম মেলান্দহ থানায় দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার প্রধান আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই স্কুলছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। আসামি তার চাচাতো বোনের স্বামী হওয়ায় ওই বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন বলে অভিযোগ রয়েছে। এ সুযোগে তিনি ছাত্রীকে উত্ত্যক্ত ও অশালীন প্রস্তাব দিতেন বলে এজাহারে উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী, গত ২০ আগস্ট ২০২৬ সকালে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ওই ছাত্রীকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে আটকে রেখে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ২১, তারিখ ২৪ আগস্ট ২০২৬। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৭/৯(১) ধারায় অভিযোগ আনা হয়েছে।
এসআরবি-১৪-এর অভিযানে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
