উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাজুর উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে বুধবার ২১ অক্টোবর দুপুরে শহরের বসাকপাড়ায় জামালপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ৫নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও যুবদল নেতা শফিউল্লাহ আকন্দ রাজুর উদ্যোগে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মো: ওয়ারেছ আলী মামুন।
প্রধান অতিথির বক্তব্যে শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।’ তিনি সমাজসেবামূলক এই উদ্যোগের জন্য কাউন্সিলর পদপ্রার্থী শফিউল্লাহ আকন্দ রাজুকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান আরমান, শহর বিএনপি’র সিনিয়র সহসভাপতি মোঃ মাইন উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল্লাহ আল মাসুদ, ৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইকবাল হুদা, দয়াময়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জন কুমার সিংহ প্রমুখ।
অনুষ্ঠানের উদ্যোক্তা ও ৫নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শফিউল্লাহ আকন্দ রাজু জানান, এই ওয়ার্ডের দুস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বী মানুষ যেন পূজার আনন্দ উপভোগ করতে পারেন, সেই লক্ষ্যেই তিনি এই ক্ষুদ্র প্রয়াস চালিয়েছেন। আগামীতেও তিনি ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা, শহর ও ৫নং ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও অংশ নেন।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের হাতে শারদীয় উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *