মাদারগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা, যুবককে পিটিয়ে জখমের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, জামালপুর: জামালপুরের মাদারগঞ্জ উপজেলার মধ্য তারতাপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের চেষ্টা এবং বাধা দেওয়ায় এক যুবককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার মধ্য তারতাপাড়ায় এ ঘটনা ঘটে। অভিযোগকারী মো. এরশাদ আলী (৩৬) পেশায় একজন সাংবাদিক। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে তাঁদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে এবং বিরোধপূর্ণ জমির ওপর আদালতের নিষেধাজ্ঞা রয়েছে।
অভিযোগে বলা হয়, ঘটনার দিন প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লোহার রড ও বাঁশের লাঠি নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করে দখলের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে এরশাদ আলীর চাচাতো ভাই মো. নিশাদ (২২)-এর ওপর হামলা চালানো হয়। হামলাকারীরা তাঁকে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করেন এবং গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এতে নিশাদ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগকারী দাবি করেছেন।
পরে আহত নিশাদকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অভিযোগকারী এরশাদ আলী দাবি করেন, এ ঘটনায় সাতজন জড়িত ছিলেন। এ ছাড়া ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে গেলে তাঁকে ও আহত নিশাদকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় জড়িতদের সঠিকভাবে শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।
এ বিষয়ে মাদারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সাজেদুল ইসলাম বলেন, “অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
