জামালপুরে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ ৬০ বছর বয়সী কারবারি গ্রেফতার

মোঃ রুহুল আমিন রাজু,জামালপুর: জামালপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আমিন (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৪টা ২০ মিনিটে জামালপুর সদর উপজেলার দড়িপাড়া এলাকায় টাঙ্গাইল বাসস্ট্যান্ড সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম তালুকদারের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশের এসআই (নিঃ) আপেল মাহমুদের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দড়িপাড়া এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আমিনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির সামনের ডান কোচা থেকে তিনটি কালো রঙের জিপারযুক্ত প্যাকেটে রাখা ৬০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার ওজন ৬০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। গ্রেফতারকৃত আমিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার আলগারচর এলাকার বাসিন্দা। তিনি মৃত আলা বক্সের ছেলে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
এ বিষয়ে জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, “মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে জামালপুর জেলা পুলিশ বদ্ধপরিকর। মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, মাদকমুক্ত ও নিরাপদ জামালপুর গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা অথবা জেলা পুলিশকে জানানোর জন্য তিনি সর্বসাধারণের প্রতি আহ্বান জানান।
জেলা পুলিশের দৃঢ় অবস্থান: অপরাধ দমন, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জামালপুর জেলা পুলিশের চলমান তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের সক্রিয় ভূমিকারই প্রতিফলন।
