সুস্থ ও শৃঙ্খলাবদ্ধ তারুণ্যের প্রত্যয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ম্যারাথন উদ্বোধন করেন – এমপি বাবুল

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে স্বাস্থ্যসচেতনতা, শারীরিক সক্ষমতা এবং খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘বেগম খালেদা জিয়া ৫ কিলোমিটার ম্যারাথন দৌড়’।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হওয়া দৌড়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ স্থানীয় তরুণরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
শিক্ষার্থী ও তরুণদের শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, শৃঙ্খলাবোধ, খেলোয়াড়সুলভ মনোভাব এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করতেই বিশ্ববিদ্যালয় ছাত্রদল এ ব্যতিক্রমী আয়োজন করে।
ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন।
এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ.কে.এম. আব্দুল্লাহ আল মাসুদ, সদস্যসচিব জিনাত মিয়া আজিজুলসহ ছাত্রদলের নেতাকর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “শিক্ষার্থীদের শিক্ষা অর্জনের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার প্রতিও গুরুত্ব দিতে হবে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলা ও নিয়মিত শরীরচর্চার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের মধ্যে শৃঙ্খলা, সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্যবোধ জাগ্রত করবে।”
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন বলেন, “শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীরচর্চা অত্যন্ত জরুরি। নিয়মিত শরীরচর্চা সুস্থ জীবন গঠনের পাশাপাশি পড়াশোনায় মনোযোগ ও কর্মক্ষমতা বাড়াতে সহায়তা করে। শিক্ষার্থীদের কল্যাণে এমন ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়।”
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও অসুস্থ জীবনধারা থেকে দূরে রেখে খেলাধুলা, শরীরচর্চা এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে উৎসাহিত করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে সুস্থ ক্রীড়াসংস্কৃতি গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
