উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলায় চল” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ৪ নম্বর নাংলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২৬-২৭ সিজন-২ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর খেলোয়াড় বাছাই কার্যক্রমের অংশ হিসেবে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
আজ অনুষ্ঠিত এ ফুটবল খেলার উদ্বোধন করেন এবং সভাপতিত্ব করেন নাংলা ইউনিয়ন পরিষদের সাবেক কয়েকবারের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় ১ নম্বর ওয়ার্ড ও ৯ নম্বর ওয়ার্ডের ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ১ নম্বর ওয়ার্ড ১টি গোল করে এবং ৯ নম্বর ওয়ার্ড ৩টি গোল করে জয়লাভ করে। ফলে ২ গোলের ব্যবধানে বিজয়ী হয় ৯ নম্বর ওয়ার্ড।
খেলা উপভোগ করতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। খেলাটি পরিচালনা করেন রবিউল ইসলাম সুজন ও সাখাওয়াত হোসেন।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা বলেন, “তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই; প্রতিটি ওয়ার্ডে ক্রীড়াচর্চার সুযোগ সৃষ্টি করে সুস্থ, মেধাবী ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি শৃঙ্খলা, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশের অন্যতম মাধ্যম। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতা প্রমাণের সুযোগ তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় ক্রীড়ামোদী মানুষের প্রত্যাশা, এ আয়োজনের ধারাবাহিকতায় নাংলা ইউনিয়নে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার চর্চা আরও বিস্তৃত হবে এবং মাদকমুক্ত, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণ সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *