মেলান্দহে মাদক সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড ভ্রাম্যমাণ আদালত
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে মাদক সেবনের দায়ে মো. শহিদুল্লাহ (৩০) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩১ অক্টোবর) মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাতুল আরার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবনের দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়। পরে আদালতের আদেশ অনুযায়ী দণ্ড কার্যকরের ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করাও জরুরি। এ ক্ষেত্রে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।”
মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে প্রশাসনের এ ধরনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা স্থানীয় পর্যায়ে মাদকবিরোধী কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে বলে মনে করছেন সচেতন মহল। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
