আলোচিতউপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

মাদারগঞ্জে ২২ পরিবারের চুলা জ্বলছে গোবর থেকে উৎপাদিত গ্যাসে 

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুর মাদারগঞ্জে গরুর গোবর দিয়ে বায়োগ্যাস উৎপাদন করে এলাকায় সাড়া ফেলেছেন উদ্যোক্তা শফিউল ইসলাম (৫৫)। নিজের পরিবারের রান্নার চাহিদা পূরণের পাশাপাশি পাইপলাইনের মাধ্যমে ২২টি পরিবারের ঘরে পৌঁছে দিচ্ছেন উৎপাদিত গ্যাস।

তাঁর এই উদ্যোগে একদিকে যেমন বিকল্প জ্বালানির ব্যবস্থা হয়েছে, অন্যদিকে তৈরি হয়েছে বাড়তি আয়ের সুযোগ।

উপজেলার দক্ষিণ পক্ষিমারী জোনাইল এলাকায় অবস্থিত শফিউল ইসলামের ‘বিসমিল্লাহ ডেইরি ফার্ম’। খামারে থাকা ৪২টি গরুর গোবর ব্যবহার করে তিনি স্থাপন করেছেন বায়োগ্যাস প্ল্যান্ট। সেখান থেকে উৎপাদিত গ্যাস শক্ত পিভিসি পাইপের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে আশপাশের বিভিন্ন বাড়িতে।

উদ্যোক্তা শফিউল ইসলাম জানান, বর্তমানে তাঁর প্ল্যান্ট থেকে ২২টি পরিবার নিয়মিত রান্নার কাজে গ্যাস ব্যবহার করছে। প্রতিটি পরিবারের কাছ থেকে মাসিক ১ হাজার ২০০ টাকা করে নেওয়া হয়। প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত গ্যাস সরবরাহ করা হয়। ভবিষ্যতে গ্রাহকের সংখ্যা বাড়িয়ে ৩০টি পরিবারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তাঁর।

শফিউল ইসলামের উদ্যোগ এখানেই সীমাবদ্ধ নয়। বায়োগ্যাস উৎপাদনের পর অবশিষ্ট গোবর কাজে লাগিয়ে কেঁচো সার তৈরির পরিকল্পনাও রয়েছে তাঁর। এতে গোবরের অপচয় রোধের পাশাপাশি পরিবেশবান্ধব জৈব সার উৎপাদন সম্ভব হবে।

এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নুর মোহাম্মদ বলেন, যাঁদের খামার রয়েছে এবং পর্যাপ্ত গবাদিপশু আছে, তাঁরা চাইলে এ ধরনের উদ্যোগ গ্রহণ করতে পারেন। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে।

স্থানীয় পর্যায়ে গোবরকে জ্বালানিতে রূপান্তরের এই উদ্যোগ গ্রামীণ জীবনে বিকল্প শক্তির সম্ভাবনা তৈরি করেছে। একই সঙ্গে গোবরের কার্যকর ব্যবহার, পরিবেশ সুরক্ষা ও আত্মকর্মসংস্থানের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যোক্তা শফিউল ইসলাম। তাঁর এই উদ্যোগ দেখে অন্য খামারিরাও বায়োগ্যাস উৎপাদনে উৎসাহিত হতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *