ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত ঝিনাইগাতী থানার এসএম নূর-মোহাম্মদ
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
কর্মদক্ষতা, সততা, নিষ্ঠা ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শেরপুর জেলার ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম নূর-মোহাম্মদ।
গত বুধবার (১১ নভেম্বর) সকালে ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসানের কাছ থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন তিনি।
পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা, আইনশৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মূল্যায়নে তিনি এ সম্মাননা অর্জন করেন।
এদিকে এসএম নূর-মোহাম্মদ এর আগে জামালপুর সদর থানায় ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সে সময়ও কর্মদক্ষতা, নিষ্ঠা ও পেশাদারত্বের মাধ্যমে ব্যাপক সুনাম অর্জনের পাশাপাশি ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তাঁর এই অর্জন কর্মজীবনের ধারাবাহিক সাফল্যের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত।
রেঞ্জ ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, “পেশাদারত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে এসএম নূর-মোহাম্মদ পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন; তাঁর এ অর্জন অন্য পুলিশ সদস্যদেরও অনুপ্রাণিত করবে।”
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় এসএম নূর-মোহাম্মদ বলেন, “এ সম্মাননা আমার দায়িত্ব পালনের অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে; আগামী দিনেও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সাধারণ মানুষের সেবা করে যেতে চাই।”
তাঁর এ অর্জনে জামালপুরের সাবেক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে এমন সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আগামী দিনগুলোতেও জনবান্ধব পুলিশিং ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।
তাঁর জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
