মাদারগঞ্জে পরিবেশ রক্ষায় ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য বজায় রাখা, সবুজায়ন বৃদ্ধি এবং বৃক্ষরোপণে সাধারণ মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে জামালপুরের মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এসব গাছের চারা বিতরণ করা হয়। প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ আয়োজন করা হয়।
চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসক তৌফিকুল ইসলাম খালেক, ১ নম্বর চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া বিপ্লব, সাধারণ সম্পাদক স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু ফকির, উপজেলা বিএনপির যুববিষয়ক সহ-সম্পাদক শাহ আব্দুল্লাহ সবুজসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
