আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

৫৪ হাজার টাকার মামলায় ২৫ বছর পর খালাস পেলেন সাবেক উপমন্ত্রী সিরাজুল হক


শহর প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা ৫৪ হাজার টাকা আত্মসাতের মামলায় ২৫ বছরের বেশি সময় পর খালাস পেয়েছেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ অন্য আসামিরা। গত ২ নভেম্বর জামালপুরের বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ তৌফিক আজিজ এ রায় দেন।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে জামালপুর জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক।
মামলার নথি অনুযায়ী, ২০০১ সালের ২৫ জুন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহের উপসহকারী পরিচালক মো. আইয়ুব আলী খান মামলাটি দায়ের করেন। এতে সিরাজুল হকসহ ১১ জনকে আসামি করা হয়।
সংবাদ সম্মেলনে সিরাজুল হক বলেন, বিএনপি সরকারের আমলে সংসদ সদস্যদের ঐচ্ছিক তহবিল থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তাঁর নির্বাচনী এলাকার আকার বিবেচনায় তাঁকে ৩০ লাখ টাকা বরাদ্দ দেন। ওই অর্থ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ৫০০ চেক বিতরণ করা হয়।
তাঁর দাবি, এসব চেকের মধ্যে মাত্র ১১টি নিয়ে আপত্তি তুলে দুদক মামলা করে। ১১টি চেকের মোট অর্থের পরিমাণ ছিল ৫৪ হাজার টাকা। এর মধ্যে ৩০ হাজার টাকা একজনের নামে বয়স্ক শিক্ষা কেন্দ্র স্থাপনের জন্য দেওয়া হয়েছিল। ওই ব্যক্তি মারা যাওয়ার পর বাকি ১০ জনের বিরুদ্ধে ২৪ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
সিরাজুল হক জানান, মামলায় বাদীপক্ষ ২৮ জন সাক্ষী উপস্থাপন করলেও অভিযোগ প্রমাণ করতে পারেনি। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিদের খালাস দেন। মামলার একজন আসামি বিচার চলাকালে মারা গেছেন।
মামলাটিকে রাজনৈতিক হয়রানিমূলক উল্লেখ করে সিরাজুল হক বলেন, রাজনৈতিক পরিচয়ের কারণে তাঁকে ও অন্যদের দীর্ঘদিন আর্থিক ও মানসিক ভোগান্তির শিকার হতে হয়েছে। রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হলে সংশ্লিষ্টদেরও আইনের আওতায় আনার ব্যবস্থা থাকা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *