টানা পাঁচ দিন পেরিয়ে গেলেও আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন ৩০ বছর বয়সী এক নারী
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
টানা পাঁচ দিন পেরিয়ে গেলেও ভারত কিংবা বাংলাদেশ কোনো দেশই ওই নারীকে নিজেদের ভূখন্ডে নিতে রাজি হয়নি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পাহারার মাঝখানে আন্তর্জাতিক শূন্যরেখায় আটকে আছেন আনুমানিক ৩০ বছর বয়সী এক নারী।
শনিবার দুপুর পর্যন্ত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরেরচর সীমান্তে ওই নারীকে শূন্য রেখায় অবস্থান করতে দেখা গেছে বলে জানা গেছে।
স্থানীয়দের ভাষ্য, কখনো বাংলাদেশের দিকে, কখনো ভারতের দিকে যাওয়ার চেষ্টা করছেন ওই নারী। কিন্তু দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বাধায় কোনো দেশেই প্রবেশ করতে পারছেন না। রোদ ও রাতের কুয়াশায় খোলা আকাশের নিচে কাটছে তাঁর সময়।
সীমান্তবর্তী এলাকার লোকজন জানান, গত ১০ নভেম্বর সকালে পাথরেরচর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী শূন্যরেখা পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাঁকে বাধা দেন।
জিজ্ঞাসাবাদে ওই নারী নিজের নাম, ঠিকানা কিংবা পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি। এ সময় তিনি অসংলগ্ন কথাবার্তা বলেন বলে জানান স্থানীয়রা। পরে তাঁকে শূন্যরেখার ওপারে ফেরত পাঠানো হয়। এরপর থেকেই তিনি সীমান্তের মাঝখানে অবস্থান করছেন।
পাঁচ দিন ধরে সীমান্তের শূন্যরেখায় একজন নারীর এমন অবস্থান নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনার মাধ্যমে তাঁর পরিচয় নিশ্চিত করে নিরাপদ ও মানবিক সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
