আলোচিতউপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:

​জামালপুর মেলান্দহ উপজেলায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. মাহবুবুর রহমান (সহকারী শিক্ষক, ১৩ নম্বর পশ্চিম মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, জামালপুর সিপিসি-১।

গতকাল বুধবার (১৮ নভেম্বর) রাতে নান্দিনা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মেলান্দহ থানা পুলিশের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
​অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর বিদ্যালয়ে টিফিনের বিরতির সময় ওই ছাত্রীকে শ্রেণিকক্ষে ডেকে নিয়ে যান অভিযুক্ত শিক্ষক মাহবুবুর রহমান। এ সময় শ্রেণিকক্ষের দরজা বন্ধ করে তাঁকে ধর্ষণচেষ্টা করা হয় এবং চিৎকার করতে চাইলে মারধরের ভয় দেখানো হয় বলে অভিযোগ উঠেছে।

​ঘটনার পর ভুক্তভোগী ছাত্রী প্রথমে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইসরাত জাহানকে এবং পরে আরেক শিক্ষিকা রহিমাকে বিষয়টি জানায়। একপর্যায়ে ছাত্রীর অভিভাবকদের বিদ্যালয়ে ডেকে এনে বিষয়টি জানানো হয়। এরপর পরিবারের পক্ষ থেকে মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

​ভুক্তভোগী পরিবারের অভিযোগ, বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও কোনো সমাধান মেলেনি। পরবর্তীতে মাদারগঞ্জ সাংবাদিক ফোরামের পক্ষ থেকেও ঘটনাটি অনুসন্ধান করা হয়।

​এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন খাতুন এর আগে জানিয়েছিলেন, অভিযুক্ত শিক্ষককে অন্য একটি বিদ্যালয়ে বদলি করা হয়েছে; তবে ঘটনার পর থেকেই তাঁকে বিদ্যালয়ে পাওয়া যাচ্ছিল না।

​উল্লেখ্য, গত ১৯ অক্টোবর মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছিলেন, শিক্ষার্থীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সর্বশেষ গ্রেপ্তারের বিষয়ে মেলান্দহ থানার ওসি মাহমুদুল হাসান মুঠোফোনে জানান, বুধবার রাতে অভিযুক্ত শিক্ষককে থানায় হস্তান্তর করার পর তাঁকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

​এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ন্যায়বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *