উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

নাংলায় চেয়ারম্যান প্রার্থী বজলুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
আসন্ন ২০২৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুরের মেলান্দহ উপজেলার ৪ নম্বর নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব বজলুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নাংলা ইউনিয়নের গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
নাংলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল হাই জামালীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চেয়ারম্যান পদপ্রার্থী, মেলান্দহ উপজেলা বিএনপির সহসভাপতি ও নাংলা ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব বজলুর রহমান।
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী বজলুর রহমান বলেন, তিনি নির্বাচিত হলে নাংলা ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, পরিচ্ছন্ন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, প্রয়োজনীয় স্থানে সেতু-কালভার্ট নির্মাণ, গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবকে অগ্রাধিকার দেবেন।
তিনি আরও বলেন, মসজিদ, মাদ্রাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যুবসমাজকে মাদক ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং ইউনিয়নের সার্বিক অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে চান। বিশেষ করে নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জানমাল ও বসতভিটা রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য ইউনিয়ন পরিষদের দরজা উন্মুক্ত থাকবে। স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চান তিনি।
বক্তারা তাঁদের বক্তব্যে আলহাজ্ব বজলুর রহমানকে একজন সৎ, আদর্শবান, সাদাসিধে ও মানবিক মনের মানুষ হিসেবে উল্লেখ করেন। তাঁরা নাংলা ইউনিয়নের উন্নয়ন, জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় নাংলা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *