উপজেলার সংবাদজামালপুরমেলান্দহশিক্ষা

২৩ নং মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

 
মোঃ শওকত আলী মেলান্দহ প্রতিনিধি:
জামালপুরের ২৩ নং মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে ২০২৬ শিক্ষাবর্ষের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী চকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহন তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের নবনিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি এহসান পারভেজ ইপু। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে মোহন তালুকদার বলেন, ২৩ নম্বর মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অনেক মেধাবী শিক্ষার্থী বের হয়ে পরবর্তী সময়ে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়েছে। তাঁদের মধ্যে অনেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে প্রায় ২৩ জন বিসিএস ক্যাডার হয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম ড. মাহফুজুল হক, যিনি কম্পিউটার সায়েন্সে বুয়েটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ বিদ্যালয়ের আরেকজন প্রাক্তন শিক্ষার্থী সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।
তিনি পঞ্চম শ্রেণি উত্তীর্ণ শিক্ষার্থীদের মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়ে স্কাউট কার্যক্রমে যোগ দেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, ৪৫ জন শিক্ষার্থীই পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. আনিছুর রহমান (মিস্টার), প্রধান অতিথি মোহাম্মদ আলী চকদার এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এহসান পারভেজ ইপুসহ অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন মেলান্দহ উমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমান (মিস্টার),পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মেলান্দহ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৬ শিক্ষাবর্ষে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত হয়েছে। পাশাপাশি বিদ্যালয়টি ইতিপূর্বে আটবার জামালপুর জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছে। এছাড়াও বিদ্যালয়টি জাতীয় পর্যায়ে শাপলা অ্যাওয়ার্ড অর্জন করেছে।
এ বছর বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ১০৮ জন শিক্ষার্থী প্রাথমিক স্তরের পাঠ শেষ করে মাধ্যমিক শিক্ষাজীবনে পদার্পণের উদ্দেশ্যে বিদায় নিচ্ছে। তাঁদের মধ্যে ৪৫ জন বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, ভালো ফলাফল ও জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *