মাদারগঞ্জের গাবেরগ্রাম থেকে প্রতিদিন ঢাকায় যাচ্ছে টনকে টন শসা-মরিচ

মোঃ মানিক ইসলাম, মাদারগঞ্জ প্রতিনিধি:
জামালপুর জেলা মাদারগঞ্জ উপজেলার গাবেরগ্রাম বাজারে প্রতিদিন জমে উঠছে শসা ও কাঁচা মরিচের পাইকারি বেচাকেনা।
স্থানীয় কৃষকদের কাছ থেকে এসব সবজি সংগ্রহ করে পাইকারি ব্যবসায়ীরা পরিবহনের মাধ্যমে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরের বাজারে পাঠাচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, বর্তমানে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি শসা ২২ থেকে ২৩ টাকা দরে কিনছেন পাইকাররা। পরে ঢাকার ব্যবসায়ীদের কাছে সেটি ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে, কাঁচা মরিচ কৃষকদের কাছ থেকে ৭০ থেকে ৭২ টাকা কেজি দরে সংগ্রহ করছেন পাইকাররা। ঢাকার বাজারে তা ৭৭ থেকে ৭৮ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্রতিদিন দুপুরের পর গাবেরগ্রাম বাজারে শুরু হয় শসা ও কাঁচা মরিচের জমজমাট বেচাকেনা। দূর-দূরান্ত থেকে কৃষকরা তাদের উৎপাদিত সবজি নিয়ে বাজারে আসেন। আর পাইকাররা সেগুলো কিনে পরিবহনে করে ঢাকাসহ বিভিন্ন শহরের উদ্দেশ্যে পাঠিয়ে দেন।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, গাবেরগ্রাম বাজারটি আশপাশের কৃষকদের উৎপাদিত শসা ও কাঁচা মরিচ বিক্রির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে। প্রতিদিনের বেচাকেনার মাধ্যমে একদিকে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের বাজার পাচ্ছেন, অন্যদিকে পাইকারদের মাধ্যমে এসব সবজি পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তের ভোক্তাদের কাছে।
